প্রতিকি ছবি কৃত্রিম মেধায় তৈরি
অনলাইনে গেম খেলতে না করেছিলেন মা, বাবা। এতে অভিমানে একসঙ্গে মৃত্যু বরণ করে তিন বোন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন বোন একসঙ্গে ১০ তলা থেকে নিচে ঝাঁপ দেয়। মর্মান্তিক এ ঘটনায় যেমন শোক ছড়িয়েছে, তেমনি অনলাইন গেম বা মোবাইলে অতিরিক্ত স্ক্রিন টাইম নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে – এ ঘটনা তার একটি বড় দৃষ্টান্ত। শুধুমাত্র অনলাইন গেম খেলতে না করায় একসঙ্গে তিন বোন আত্মহত্যা করবে, তা বোধহয় কেউ ভাবতেই পারেননি।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মৃত তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। গাজিয়াবাদের একটি বহুতলে বাবা-মার সঙ্গে থাকত তারা। করোনার সময় থেকে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে এই তিন নাবালিকা। নিয়মিত স্কুলও যেত না তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে তিন বোন অনলাইন গেম খেলছিল। সেইসময় তাদের বাবা-মা বকাঝকা করেন বলে জানা গিয়েছে। এরপর রাত ২টা নাগাদ তিন বোন একসঙ্গে বহুতলের ১০ তলা থেকে নিচে ঝাঁপ দেয় বলে জানা গেছে। শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা জড়ো হন। খবর পেয়ে আশে পুলিশও। ৩ নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
মৃত তিন নাবালিকার বাবা চেতন কুমার বলেন – ‘করোনার সময় থেকে তিন বোন মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। টার্গেট গেম খেলত।‘ তবে তিনি জানান, তার তিন মেয়ে কেন এমন করল, তা তিনি জানেন না।
পুলিশ জানিয়েছে, রাত ২টার পর তারা ঘটনার খবর পায়। তীব্র আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসেছিলেন। তারাই পুলিশের খবর দেন। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।